উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
অস্ট্রেলিয়া সফরেও নিজেদের হতাশা কাটাতে পারেনি বাংলাদেশ নারী ক্রিকেট দল। সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে ১৭২ রানে অলআউট হয়ে স্বাগতিকদের কাছে ৮ উইকেটে হেরেছে নিগার সুলতানা জ্যোতির দল। ফলে তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশের মেয়েরা।
ব্রিসবেনে টসের পর প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ দল। মাত্র ১৮ রানের মধ্যে সাজঘরে ফিরে যান দলের প্রথম তিন ব্যাটার। এরপর শারমিন আক্তার ও স্বর্ণা আক্তারের অর্ধশতকের সুবাদে দেড়শ রানের গণ্ডি পেরোয় দলীয় সংগ্রহ। শারমিন ৯৩ বলে ৫০ রান করেন এবং ৭১ বলে ৫৪ রান করে ওয়ানডে ক্রিকেটে নিজের প্রথম অর্ধশতক পান স্বর্ণা।
তবে দুজনের এই লড়াকু ব্যাটিংয়ের পরও বড় সংগ্রহ গড়তে পারেনি বাংলাদেশ। ইনিংসের শেষ দিকে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৪৯.৫ ওভারে ১৭২ রানে গুটিয়ে যায় দল। অস্ট্রেলিয়ার পক্ষে ১৬ রান খরচ করে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন মেগান স্কট।
জবাবে ১৭৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র দুই উইকেট হারালেও জয়ের পথে কোনো বাধার মুখে পড়েনি অস্ট্রেলিয়া। এলিস পেরির অপরাজিত ৬৫ এবং অ্যানাবেল সাদারল্যান্ডের অপরাজিত ৭৪ রানের সুবাদে ১৬৪ বল হাতে রেখেই সহজ জয় নিশ্চিত করে স্বাগতিকরা।