উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জামায়াতে ইসলামীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টির রাজনৈতিক জোট আদর্শিক জোটে পরিণত হয়ে একাকার হয়ে গেছে, এমন গুরুতর অভিযোগ তুলে দল ছাড়ার ঘোষণা দিয়েছেন কেন্দ্রীয় নেতা মো. আবদুর রহমান। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বরাবর লেখা তাঁর পদত্যাগপত্রটি শুক্রবার রাত ১০টার দিকে ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থী এনসিপির দক্ষিণাঞ্চলের কেন্দ্রীয় সংগঠকের দায়িত্বে ছিলেন এবং শরীয়তপুর-১ আসনে দলটির প্রাথমিক প্রার্থী ছিলেন।
পদত্যাগপত্রে আবদুর রহমান অভিযোগ করেন, এনসিপির নির্বাচনকালীন ও নির্বাচন-পরবর্তী রাজনৈতিক অবস্থানের কারণে কেন্দ্র থেকে ওয়ার্ড পর্যন্ত জামায়াতি আদর্শের বিস্তার ঘটেছে। ঐতিহাসিক বিষয়ে নিজস্ব মতামতের জন্য দলীয় সহকর্মীদের কাছ থেকে তাঁকে ‘মুজিববাদী’ ট্যাগের শিকার হতে হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তাঁর মতে, রাষ্ট্র প্রতিষ্ঠার ইতিহাস ও আদর্শিক প্রশ্নে এনসিপির স্বতন্ত্র অবস্থান বর্তমানে জামায়াতের বয়ানের দ্বারাই আবর্তিত হচ্ছে, যা তাঁর মৌলিক আদর্শের সঙ্গে চরমভাবে সাংঘর্ষিক।
এদিকে আবদুর রহমানের পদত্যাগের বিষয়ে এনসিপির রাজনৈতিক পর্ষদের অন্যতম সদস্য সারোয়ার তুষার রাতে গণমাধ্যমকে জানান, তিনি দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় ছিলেন এবং দেশের বাইরে চলে গেছেন। সারোয়ার তুষার আরও বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে মত উৎপাদনের কারণে পুনর্গঠিত কমিটিতে তাঁকে রাখা হচ্ছে না, যা টের পেয়ে তিনি ফেসবুকে পদত্যাগের নাটক করেছেন। জামায়াতের সঙ্গে দল একাকার হওয়ার অভিযোগটি কোনো ইস্যু নয় বলে মন্তব্য করে তিনি জানান, নির্বাচনের আট মাস পর পদত্যাগ করার বিষয়টি মূলত কমিটিতে না রাখার ক্ষোভ থেকেই উদ্ভূত।