উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আন্তর্জাতিক ক্রিকেট থেকে এখনও আনুষ্ঠানিকভাবে অবসর নেননি জাহানারা আলম। লাল-সবুজের জার্সিতে শেষবারের মতো মাঠে নামার তীব্র আকাঙ্ক্ষা রয়েছে সাবেক এই অধিনায়কের। জাতীয় দলের জার্সিতে তাকে সর্বশেষ দেখা গেছে প্রায় দুই বছর আগে।
মানসিক স্বাস্থ্যের কথা জানিয়ে জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর পর অস্ট্রেলিয়ায় পাড়ি জমান এই ক্রিকেটার। সেখানে ক্লাব ক্রিকেট খেলার পাশাপাশি গত বছরের ডিসেম্বরে নিজের সঙ্গে ঘটে যাওয়া মানসিক ও যৌন হয়রানির ঘটনা প্রকাশ্যে আনেন তিনি।
এবার নতুন বোর্ডের কাছে জাতীয় দলে ফেরার ইচ্ছার কথা জানিয়েছেন জাহানারা। এ বিষয়ে বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু জানান, বোর্ডের প্রচলিত প্রক্রিয়া অনুসরণ করে তাকে ঘরোয়া ক্রিকেটে খেলে ফিটনেস পরীক্ষায় পাস করতে হবে।
জাহানারার জাতীয় দলে ফেরার ইচ্ছা প্রসঙ্গে নারী দলের নির্বাচক সাজ্জাদ আহমেদ বলেন, তিনি ফিরতে চাইলে তাদের পক্ষ থেকে স্বাগত জানানো হবে। তবে দীর্ঘদিন আন্তর্জাতিক ম্যাচ না খেলায় তাকে ফিটনেস ও স্কিল প্রমাণ করেই বিবেচনায় আসতে হবে।