উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) জানিয়েছে, বাংলাদেশসহ এশিয়ার উদীয়মান অর্থনীতির দেশগুলোতে দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি টেকসই করতে হলে পারিবারিক ভোগব্যয় বাড়ানো জরুরি। সংস্থাটির মতে, শুধু বিনিয়োগ ও রফতানির ওপর নির্ভর না করে অভ্যন্তরীণ চাহিদা শক্তিশালী করার মাধ্যমে অর্থনীতির গতি ত্বরান্বিত করা সম্ভব।
বৃহস্পতিবার প্রকাশিত ‘রিজিওনাল ইকোনমিক আউটলুক- এশিয়া অ্যান্ড প্যাসিফিক’ প্রতিবেদনে বলা হয়েছে, বয়স্কদের পেনশন সুবিধা বাড়ানো, নিম্ন আয়ের পরিবারকে নগদ সহায়তা এবং শ্রমবাজারে নারীর অংশগ্রহণ বাড়ালে মানুষের ভোগব্যয় বৃদ্ধি পাবে। এসব সংস্কার বাস্তবায়ন করা গেলে সংশ্লিষ্ট দেশগুলোর উৎপাদন গড়ে ৬.৪ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বলে আইএমএফের বিশ্লেষণে উঠে এসেছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, নতুন কর্মসূচির জন্য অতিরিক্ত আর্থিক চাপ তৈরি না করে বিদ্যমান সরকারি ব্যয়ের অগ্রাধিকার পুনর্নির্ধারণ ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে এসব উদ্যোগের অর্থায়ন সম্ভব। তবে এসব সংস্কারের সুফল পেতে আর্থিক ব্যয় নিয়ন্ত্রণ এবং লক্ষ্যভিত্তিক সহায়তা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে সংস্থাটি।