উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
লালমনিরহাটের পাটগ্রামে ভারত থেকে আমদানীকৃত ভুট্টাবীজ বিধিবহির্ভূতভাবে প্যাকেটজাত করার অভিযোগ উঠেছে। উদ্ভূত পরিস্থিতিতে উপজেলা প্রশাসন গোডাউন সিলগালা করে বীজের নমুনা সংগ্রহ করে জেলা পরীক্ষাগারে পাঠিয়েছে। এদিকে বিজেতা কোম্পানির নকল ভুট্টাবীজ, সার এবং কীটনাশক বিক্রির অভিযোগে বৃহস্পতিবার শহরের চৌরাস্তা মোড়ে মানববন্ধনের ডাক দিয়েছে কৃষকরা।
জানা গেছে, পাটগ্রাম পৌর শহরের বিজেতা সীডস লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান হিলি স্থলবন্দর দিয়ে ৬০ মেট্রিক টন ভুট্টাবীজ আমদানি করে। এর মধ্যে ৫ মেট্রিক টন ভুট্টাবীজ আগেই বিক্রি করে দেওয়া হয় এবং বাকী ৫৫ মেট্রিক টন ভুট্টা শহরের পাঁচ নম্বর ওয়ার্ডে একটি গোডাউনে সংরক্ষণ করা হয়। গত শনিবার রাতে সহকারী কমিশনার ভূমি বিশাল দাশ অভিযান চালিয়ে সন্দেহজনক ও প্রক্রিয়াবহির্ভূতভাবে ভুট্টাবীজ প্যাকেটজাত করার কারণে গোডাউনটি সিলগালা করেন।
লালমনিরহাট জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা শামীমুর রহমান বলেন, সংগৃহীত ভুট্টাবীজের নমুনা রংপুর জেলা আঞ্চলিক পরীক্ষাগারে পাঠানো হয়েছে এবং রেজাল্ট আসতে আট-দশ দিন সময় লাগতে পারে। হাতীবান্ধা উপজেলার কৃষক নার্গিস নাহার বলেন, আমি মানুষের ১২ দোন জমি কন্ট্রাক্ট নিয়ে বাহুবলী ৫৫৫ ভুট্টাবীজ ২৪ প্যাকেট লাগাই কিন্তু কোনো বীজ গজায়নি। মৌসুম শুরুর আগে সার, বীজ ও কীটনাশক নিয়ে সাধারণ কৃষকদের মধ্যে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে।