উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আইপিএলে এবার নতুন ভূমিকায় দেখা যাবে ভারতের সাবেক অলরাউন্ডার যুবরাজ সিংকে। দিল্লি ক্যাপিটালসের সহকারী ও ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি। খেলোয়াড় হিসেবে দীর্ঘদিন আইপিএলে কাটালেও এবারই প্রথম আনুষ্ঠানিকভাবে কোচিংয়ের দায়িত্ব নিতে যাচ্ছেন যুবরাজ। মঙ্গলবার (১৩ অক্টোবর) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
দিল্লি ক্যাপিটালসের সঙ্গে যুবরাজের পুরোনো সম্পর্ক রয়েছে। ২০১৫ সালের আইপিএলে ১৬ কোটি রুপিতে তাঁকে দলে নিয়েছিল দিল্লি। সে সময় এটি ছিল টুর্নামেন্টের ইতিহাসে কোনো খেলোয়াড়কে দলে নেওয়ার সর্বোচ্চ মূল্য। দীর্ঘ বিরতির পর এবার সেই পুরোনো ফ্র্যাঞ্চাইজিতেই কোচ হিসেবে ফিরছেন তিনি।
এই নিয়োগের মধ্য দিয়ে ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর সঙ্গে আবারও কাজ করার সুযোগ পাচ্ছেন যুবরাজ। সম্প্রতি দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন সৌরভ। সৌরভ গাঙ্গুলীর সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করে যুবরাজ আরও বলেন, দাদার সঙ্গে এবার কোচ হিসেবে কাজ করার জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
সাম্প্রতিক বছরগুলোতে ভারতের তরুণ ক্রিকেটারদের নিয়ে কাজ করেছেন যুবরাজ। তাঁর কাছ থেকে পরামর্শ পেয়েছেন শুবমান গিল, অভিষেক শর্মা ও প্রভসিমরন সিংয়ের মতো ক্রিকেটাররা। আইপিএলে এখনো শিরোপা জিততে পারেনি দিল্লি। দলটির দীর্ঘদিনের সেই অপেক্ষা ঘোচাতে যুবরাজের অভিজ্ঞতা কাজে আসবে বলে আশা করছে ফ্র্যাঞ্চাইজিটি।