উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সরাসরি জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে জড়িত না থেকে বিভিন্নভাবে পরামর্শ ও সহযোগিতা দিয়ে যাচ্ছেন, এমন ব্যক্তিদের নিয়ে উপদেষ্টা পরিষদ গঠন করতে যাচ্ছে দলটি। নীতিগত বিভিন্ন বিষয়ে জামায়াতকে পরামর্শ দেওয়াই হবে এই পরিষদের মূল কাজ এবং সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর উপদেষ্টা পরিষদ গঠনের আলোচনা শুরু হলেও জাতীয় সংসদ নির্বাচনের পরে এই আলোচনা আরও গতি পায়। গত জুনে দলের সর্বশেষ মজলিশে শুরার বৈঠকে উপদেষ্টা পরিষদ গঠনের বিষয়ে প্রাথমিক আলোচনা হলেও এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম প্রথম আলোকে বলেন, উপদেষ্টা পরিষদ গঠনে প্রাথমিক আলোচনা হয়েছে তবে সেটি এখনো চূড়ান্ত হয়নি। আগামী শুরার বৈঠকে এ বিষয়ে আরও বিস্তারিত আলোচনা হতে পারে এবং সিদ্ধান্ত এলে দলের গঠনতন্ত্রে আলাদা ধারা যুক্ত হবে।
সাবেক আমলা, ব্যবসায়ী, শিক্ষাবিদ, অর্থনীতিবিদ ও কূটনৈতিক জ্ঞানের গভীরতা রয়েছে এমন ব্যক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে অভিজ্ঞ ও বিশেষজ্ঞ ব্যক্তিদের এই পরিষদে রাখার কথা ভাবা হচ্ছে। এ ছাড়া শুভাকাঙ্ক্ষী এবং অন্য ধর্মাবলম্বীদের মধ্য থেকেও উপদেষ্টা পরিষদের সদস্য রাখার বিষয়ে একটি প্রস্তাব রয়েছে।