উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বঙ্গোপসাগরে তেল ও গ্যাস অনুসন্ধানের জন্য আন্তর্জাতিক তেল কোম্পানিগুলোর দরপত্র দাখিলের সময়সীমা আরও চার মাস বাড়ানো হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘বাংলাদেশ অফশোর বিডিং রাউন্ড-২০২৬’-এর আওতায় দরপত্র জমা দেওয়ার সময়সীমা আগামী ৩০ নভেম্বর শেষ হওয়ার কথা ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এই সময়সীমা বাড়িয়ে ২০২৭ সালের ৩১ মার্চ করা হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, বিশ্বের বিভিন্ন স্বনামধন্য আন্তর্জাতিক তেল কোম্পানির অনুরোধের পরিপ্রেক্ষিতে এবং তাদের সাথে আলোচনার পর ডাটা সেলস প্যাকেজ সহজলভ্য করা হয়েছে। একই সাথে দরপত্র দাখিলের সময়সীমাও বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়।
সময়সীমা বৃদ্ধি এবং ডাটা প্যাকেজ সহজলভ্য করার ফলে আন্তর্জাতিক তেল কোম্পানিগুলোর এই বিডিং রাউন্ডে অংশগ্রহণের আগ্রহ আরও বাড়বে বলে আশা প্রকাশ করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।