উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ফুটবল মাঠে আর্জেন্টিনার আকাশি-সাদা জার্সিতে দীর্ঘ ২১ বছরের পথচলা শেষ করতে চলেছেন লিওনেল মেসি। বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার মানুষের উদ্দেশে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, এই জার্সিই ছিল তাঁর স্বপ্ন, গর্ব ও জীবন। অ্যাডিডাসের প্রকাশ করা এই বার্তায় মেসি আরও বলেন, আমাকে এতটা ভালোবাসার জন্য ধন্যবাদ এবং সবার খুব মনে পড়বে। বুয়েনস এইরেসের ঐতিহাসিক মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচটি হতে যাচ্ছে আর্জেন্টিনার জার্সিতে তাঁর শেষ আন্তর্জাতিক ম্যাচ।
২০০৫ সালে আর্জেন্টিনা জাতীয় দলে অভিষেকের পর থেকে মেসি হয়ে উঠেছেন দেশটির ফুটবল ইতিহাসের অন্যতম সফল এক খেলোয়াড়। জাতীয় দলের হয়ে ২০৭ ম্যাচে তাঁর গোল ১২৫টি এবং সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন ৬৬টি। ম্যাচ খেলা, গোল ও অ্যাসিস্ট—তিনটি ক্ষেত্রেই আর্জেন্টিনার খেলোয়াড়দের মধ্যে তিনি শীর্ষে রয়েছেন। দীর্ঘ সময় ধরে জাতীয় দলের হয়ে সাফল্যের পাশাপাশি তাঁকে ব্যর্থতা ও সমালোচনার মুখোমুখিও হতে হয়েছে।
আর্জেন্টিনার হয়ে মেসির সাফল্যের তালিকায় রয়েছে ২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকা এবং ২০২২ সালের ফিনালিসিমা জয়। এ ছাড়া ২০০৮ সালের অলিম্পিকে সোনার পদক এবং ২০০৫ সালের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ জয়ের কৃতিত্বও রয়েছে তাঁর। ২০১৪ সালে ফাইনালে উঠেও শিরোপা জিততে না পারলেও, ২০২২ সালে কাতারে তাঁর নেতৃত্বেই অধরা বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ হয়। বিশ্বকাপে মেসির গোলসংখ্যা ২১ এবং এই তালিকায় তাঁর ওপরে রয়েছেন ২২ গোল করা ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে।