উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঢাকায় সার্ক কৃষি কেন্দ্রের ১৮তম পরিচালনা পর্ষদ সভায় খাদ্য ও পুষ্টিনিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জলবায়ু সহনশীল দক্ষিণ এশিয়া গড়ে তোলার তাগিদ দেওয়া হয়েছে। কৃষিজমির ওপর ক্রমবর্ধমান চাপের বিষয়টি উল্লেখ করে ভবিষ্যৎ প্রজন্মের খাদ্যনিরাপত্তা সুরক্ষায় টেকসই কৃষিচর্চা ও আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানানো হয়। মঙ্গলবার ১৩ অক্টোবর ঢাকায় এই সভা অনুষ্ঠিত হয় এবং এতে হাইব্রিড পদ্ধতিতে সার্কভুক্ত দেশের প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানে সার্ক কৃষি কেন্দ্রের পরিচালক ড. মো. গোলাম মাহবুব সদস্যরাষ্ট্রগুলোর মধ্যে যৌথ গবেষণা, জ্ঞান বিনিময়, দক্ষতা উন্নয়ন এবং কৃষিপ্রযুক্তির অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন। সার্ক সচিবালয়ের পরিচালক তানভীর আহমেদ তরফদার বলেন, টেকসই কৃষি উন্নয়ন এগিয়ে নেওয়া এবং জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় সক্ষম খাদ্যব্যবস্থা গড়ে তুলতে আঞ্চলিক অংশীদারত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সভায় জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ, জীববৈচিত্র্যের ক্ষয় ও আন্তঃসীমান্ত রোগবালাইয়ের ঝুঁকি মোকাবিলায় ঐকমত্য পোষণ করা হয়।
সভাপতির বক্তব্যে নেপালের প্রতিনিধি শবনাম শিবাকোটি বলেন, জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের প্রভাবে এ অঞ্চলের কৃষি উৎপাদন এবং খাদ্য ও পুষ্টিনিরাপত্তা হুমকির মুখে পড়ছে। প্রধান অতিথির বক্তব্যে কৃষি সচিব মো. সেলিম খান গতিশীল ও টেকসই কৃষিব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি আঞ্চলিক অংশীদারত্ব জোরদার করার কথা বলেন। বিশেষ অতিথি বিএআরসির নির্বাহী চেয়ারম্যান ড. মো. আবদুস সালাম পরিবেশ সুরক্ষার পাশাপাশি কৃষি ও অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের ওপর জোর দেন।