উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
অর্থনীতি ডেস্ক: ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ প্রক্রিয়াকে আরও গতিশীল করতে নেদারল্যান্ডসের রাজনৈতিক ও কূটনৈতিক সমর্থন চেয়েছে বাংলাদেশ। সচিবালয়ে অনুষ্ঠিত এক দ্বিপক্ষীয় বৈঠকে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এই সহযোগিতা কামনা করেন। তিনি জানান, স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের পরও ইউরোপীয় বাজারে বাংলাদেশের বাণিজ্যিক সুবিধা ও রপ্তানি ধারা অব্যাহত রাখতে এই চুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বৈঠকে নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতাবিষয়ক মন্ত্রী স্যোয়ার্ড স্যোয়ার্ডসমা অংশ নেন এবং বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব আরও সুদৃঢ় করার আগ্রহ প্রকাশ করেন। উভয় দেশের মন্ত্রী প্রচলিত বাণিজ্যের গণ্ডি পেরিয়ে প্রযুক্তি হস্তান্তর, শিল্পায়ন এবং টেকসই বিনিয়োগ বৃদ্ধির ওপর বিশেষ জোর দেন।
বৈঠকে বাংলাদেশের কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণ খাতের উন্নয়নে ডাচ প্রযুক্তি এবং গবেষণার অভিজ্ঞতা কাজে লাগানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বাণিজ্যমন্ত্রী উল্লেখ করেন যে, নেদারল্যান্ডসের উন্নত বীজপ্রযুক্তি এবং আধুনিক কৃষি ব্যবস্থাপনা দেশের আলুসহ বিভিন্ন শাকসবজির উৎপাদনশীলতা বহুগুণ বাড়িয়ে দিতে পারে। আন্তর্জাতিক মান বজায় রেখে কৃষিপণ্য উৎপাদন, সংরক্ষণ এবং নতুন রপ্তানি বাজার সৃষ্টিতে যৌথভাবে কাজ করার প্রস্তাব দেওয়া হয়। বিশেষ করে সিলেটসহ দেশের বিভিন্ন সম্ভাবনাময় অঞ্চলে বিশেষায়িত সবজি চাষ সম্প্রসারণ এবং আধুনিক সরবরাহব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করা হয়। পাশাপাশি পাটশিল্পের বহুমুখীকরণ এবং পরিবেশবান্ধব পাটজাত পণ্য উৎপাদনে ডাচ প্রযুক্তিগত সহায়তার সম্ভাবনা নিয়ে উভয় পক্ষ ইতিবাচক আলোচনা করে।
বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্র আরও প্রসারের জন্য দেশের বন্দর অবকাঠামো উন্নয়ন ও সামুদ্রিক পরিবহন খাতের আধুনিকায়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। লালদিয়া টার্মিনালসহ দেশের প্রধান বন্দরগুলোতে ডাচ প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ এবং লজিস্টিকস ব্যবস্থার উন্নতির বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এছাড়া নদী ও খাল খনন, বন্যা নিয়ন্ত্রণ এবং সমন্বিত পানি ব্যবস্থাপনায় নেদারল্যান্ডসের বিশ্বখ্যাত গবেষণা প্রতিষ্ঠান ডেল্টারেসের দক্ষতা কাজে লাগানোর কথা বলা হয়। বাংলাদেশের সার কারখানাগুলোর আধুনিকায়ন ও উৎপাদন সক্ষমতা বাড়াতে স্ট্যামিকার্বনের মতো ডাচ প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর সহযোগিতা পাওয়ার সম্ভাবনা নিয়েও দুই দেশের প্রতিনিধিরা আলোচনা করেন।
দ্বিপক্ষীয় এই বৈঠকে নবায়নযোগ্য জ্বালানি বিশেষ করে সৌরবিদ্যুৎ খাতে বিনিয়োগ এবং প্রযুক্তি বিনিময়ের বিষয়টিও সমানভাবে গুরুত্ব পায়। ডাচ বিনিয়োগ আকর্ষণের জন্য মেধাস্বত্ব সুরক্ষা, কাস্টমস প্রক্রিয়ার আধুনিকায়ন এবং ব্যবসা সহজীকরণের প্রাতিষ্ঠানিক কাঠামো উন্নয়নের তাগিদ দেওয়া হয়। এ ছাড়া আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধি, তরুণ ও নারী কর্মীদের কারিগরি প্রশিক্ষণ এবং মানবসম্পদ উন্নয়নে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়। বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতসহ দুই দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।